1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ অপরাহ্ন

তেরখাদায় অস্বাস্থ্যকর খাদ্য ও নিষিদ্ধ পণ্য বিক্রির দায়ে চার প্রতিষ্ঠানকে জরিমানা

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬
  • ১৫০ সময় দর্শন
তেরখাদা প্রতিনিধি :
খুলনার তেরখাদা উপজেলার শেখপুরা বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও নিষিদ্ধ পণ্য বিক্রির দায়ে চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, খুলনার উদ্যোগে পরিচালিত এক ভ্রাম্যমাণ আদালতে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর বিভিন্ন ধারায় এ জরিমানা আরোপ করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর খুলনার সহকারী পরিচালক ওয়াহিদ হাবিব সুমন। অভিযানে তেরখাদা উপজেলা ভারপ্রাপ্ত স্যানিটারি কর্মকর্তা জুয়েল রানাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রসিকিউশন অফিসারের দায়িত্ব পালন করেন তেরখাদা থানার এসআই/এফএসআই। এছাড়া কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর প্রতিনিধিরাও অভিযানে অংশ নেন।
অভিযানকালে শেখপুরা বাজারের বিভিন্ন প্রতিষ্ঠানে খাদ্য নিরাপত্তা, কসমেটিকস ও ওষুধ বিক্রির ক্ষেত্রে একাধিক অনিয়মের প্রমাণ পাওয়া যায়। নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি প্রস্তুত, বিএসটিআই কর্তৃক নিষিদ্ধ রং ফর্সাকারী ক্রিম বিক্রি এবং বিক্রয় নিষিদ্ধ ফিজিশিয়ানস স্যাম্পল ওষুধ বিক্রির অভিযোগে প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।
এর মধ্যে মিলন রেস্টুরেন্ট অ্যান্ড মিষ্টি ঘরকে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরির দায়ে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। প্রত্যাশা কসমেটিকসকে বিএসটিআই নিষিদ্ধ রং ফর্সাকারী ক্রিম বিক্রির অপরাধে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
রুনা ফার্মেসিকে বিক্রয় নিষিদ্ধ ফিজিশিয়ানস স্যাম্পল বিক্রির অভিযোগে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মোল্লা হোটেল অ্যান্ড মিষ্টি ঘরকে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি প্রস্তুত এবং খাবারে ক্ষতিকর হাইড্রোজ ও রং মেশানোর দায়ে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, জনস্বাস্থ্য ও ভোক্তা স্বার্থ রক্ষায় নিয়মিত বাজার তদারকি অব্যাহত থাকবে। এ ধরনের অনিয়মে জড়িতদের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host