1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:১২ অপরাহ্ন

ঝালকাঠিতে বিক্রির জন্য মজুদকৃত চোলাই মদসহ ১ জন আটক

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬
  • ১০১ সময় দর্শন

স্বপ্ন প্রতিদিন রিপোর্ট

ঝালকাঠিতে বসতবাড়িতে চোলাই মদ মজুদ ও বিক্রির অভিযোগে জিয়া মঞ্চের সাবেক এক নেতাকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটক ব্যক্তির নাম নাছির উদ্দিন মৃধা (৫৫)। নাছির মৃধা জিয়া মঞ্চের ঝালকাঠি সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড শাখার সাবেক সভাপতি ছিলেন।

গতকাল সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের মকরমপুর এলাকায় তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে ডিবি পুলিশ। অভিযানের সময় তার বাড়ির রান্নাঘর থেকে ৬ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের মাধ্যমে জানা যায়, নাছির উদ্দিন মৃধা দীর্ঘদিন ধরে নিজের বসতবাড়ির রান্নাঘরে চোলাই মদ সংরক্ষণ করে মাদকসেবীদের কাছে বিক্রি করে আসছিলেন। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এসআই মো. আলমগীর হোসেনের নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখার একটি দল ওই বাড়িতে অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে উপস্থিত সাক্ষীদের সামনে রান্নাঘরের উত্তর পাশে রাখা একটি সাদা প্লাস্টিকের কন্টেইনার থেকে ৬ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। এরপর নাছির মৃধাকে আটক করা হয়। তিনি মকরমপুর গ্রামের মৃত মাজেদুর রহমান মৃধার ছেলে।

সংগঠনের সঙ্গে নাছির মৃধার বর্তমান সম্পৃক্ততা প্রসঙ্গে ইউনিয়ন জিয়া মঞ্চের সাবেক সভাপতি তানিম মল্লিক জানান, নাছির মৃধা অতীতে ওয়ার্ড পর্যায়ের দায়িত্বে থাকলেও চার মাস আগে সংশ্লিষ্ট কমিটি বিলুপ্ত করা হয়েছে। বর্তমানে তার সঙ্গে সংগঠনের কোনো সাংগঠনিক সম্পর্ক নেই।

স্থানীয় সূত্রে আরও জানা গেছে, নাছির মৃধা দীর্ঘদিন ধরেই এলাকায় চোলাই মদ উৎপাদন ও বিক্রির সঙ্গে জড়িত ছিলেন। এমনকি ঢাকায় অবস্থানকালেও তিনি এই অবৈধ কর্মকাণ্ডে যুক্ত ছিলেন বলে অভিযোগ রয়েছে।

জেলা গোয়েন্দা শাখার ওসি মো. তৌহিদুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নাছির উদ্দিন মৃধাকে তার নিজ বাড়ি থেকে ৬ লিটার চোলাই মদসহ আটক করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।

 

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host