স্বপ্ন প্রতিদিন ডেস্ক
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে অস্ত্র উদ্ধার অভিযানে গিয়ে দুর্বৃত্তদের হামলায় র্যাবের এক কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত কর্মকর্তার নাম আব্দুল মোতালেব। তিনি র্যাব–৭–এ উপসহকারী পরিচালক (ডিএডি) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এ ঘটনায় আরও কয়েকজন র্যাব সদস্য আহত হয়েছেন। সোমবার, ১৯শে জানুয়ারি সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
বিকেলে র্যাবের পতেঙ্গা ব্যাটালিয়নের একটি দল জঙ্গল সলিমপুর এলাকায় আসামি গ্রেপ্তারের উদ্দেশ্যে অভিযান চালায়। এ সময় দুর্বৃত্তরা র্যাবের চারজন কর্মকর্তা ও সদস্য এবং এক সোর্সকে আটকে রেখে মারধর করে। পরে খবর পেয়ে পুলিশ ও র্যাবের অতিরিক্ত বাহিনী ঘটনাস্থলে পৌঁছে জিম্মিদের উদ্ধার করে সম্মিলিত সামরিক হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসক আবদুল মোতালেবকে মৃত ঘোষণা করেন।
চট্টগ্রাম রেঞ্জের উপমহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) আহসান হাবীব পলাশ গণমাধ্যমকে জানান, সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে পরিচালিত অভিযানের সময় র্যাবের ডিএডি পদমর্যাদার এক কর্মকর্তা নিহত হয়েছেন।
এ বিষয়ে র্যাব–৭–এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এআরএম মোজাফফর হোসেন গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলেন, জঙ্গল সলিমপুরে অভিযান চলাকালে সন্ত্রাসীদের অতর্কিত হামলার মুখে পড়ে র্যাব সদস্যরা। এতে চারজন গুরুতর আহত হন। তাদের মধ্যে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আহত অপর তিনজন বর্তমানে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।