দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে গেছে। কেন্দ্রটির ১ নম্বর ইউনিটের বয়লারের টিউব ফেটে যাওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এর আগে কেন্দ্রের বাকি দুটি ইউনিট বন্ধ থাকায় বর্তমানে পুরো কেন্দ্র থেকেই বিদ্যুৎ উৎপাদন বন্ধ রয়েছে।
রোববার (১৮ জানুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেন বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক।
তিনি জানান, রোববার সকালে ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ১ নম্বর ইউনিটের বয়লারের টিউব ফেটে যায়। ফলে নিরাপত্তাজনিত কারণে ওই ইউনিটের উৎপাদন বন্ধ করে দেওয়া হয়। বয়লারের তাপমাত্রা প্রায় এক হাজার ডিগ্রি সেলসিয়াস থাকায় তা ঠাণ্ডা হওয়ার পর মেরামত কাজ শুরু করা হবে।
কেন্দ্রটির বিদ্যুৎ উৎপাদন পুনরায় চালু করতে কত সময় লাগবে—এ বিষয়ে নির্দিষ্ট সময় জানানো না গেলেও ন্যূনতম এক সপ্তাহ সময় লাগতে পারে বলে জানান তিনি।