দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার শিক্ষার্থীরা বিভিন্ন দাবি আদায়ের উদ্দেশ্যে ২য় দিনের মতো দিনাজপুর-পার্বতীপুর সড়ক অবরোধ করে কর্মসূচি পালন করেছে। ১৪ জানুয়ারি (বুধবার) চিরিরবন্দরের ঘুঘুরাতলি মোড়ে সকাল থেকে অবরোধকারীরা তাদের বক্তব্যে স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্টদের নিকট সড়ক দুর্ঘটনা রোধসহ দুর্ঘটনা পরবর্তী করণীয় তুলে ধরেন।
স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী, শিক্ষক ও শিক্ষার্থীরা এই অবরোধ কর্মসূচি পালন করে। অবরোধের কারণে সকাল থেকে দিনাজপুর-পার্বতীপুর সড়কে সকল ধরনের যান চলাচল বন্ধ ছিল। দাবিগুলোর মধ্যে রয়েছে, ঘটে যাওয়া দুর্ঘটনায় দায়ী গাড়ির চালককে গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা। দুর্ঘটনায় আহতদের চিকিৎসা ব্যয়ভার বহন। সকাল ছয়টা থেকে রাত বারোটা পর্যন্ত উক্ত রাস্তায় ট্রাক চলাচল বন্ধ রাখা। চালকদের বৈধ লাইসেন্স নিশ্চিত করা। চিরিরবন্দরের ঘুঘুরাতলি মোড়ে ট্রাফিক পুলিশ নিয়োগ দেওয়াসহ যানবাহনের গতি নিয়ন্ত্রণ ও রাস্তার গুরুত্বপূর্ণ স্থানে স্পিড ব্রেকার স্থাপন।