দিনাজপুর জেলা প্রতিনিধিঃ
দিনাজপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সমাজ সেবা দিবস পালিত হয়েছে। “প্রযুক্তি ও সমতায়; কল্যাণ ও মমতায়, আস্থা আজ সমাজ সেবায় ” –এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৩ জানুয়ারী (শনিবার) জেলা প্রশাসন ও জেলা সমাজ সেবা অধিদপ্তরের আয়োজনে বর্ণাঢ্য র্যালী, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৯টায় জেলা প্রশাসক কার্যালয় হতে বর্ণাঢ্য র্যালীর উদ্ধোধন করেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক( শিক্ষা ও আইসিটি) এস.এম. হাবিবুল হাসান।
র্যালীটি শহরের প্রধান প্রধান শহর প্রদক্ষিণ করে এবং শিশু একাডেমি অডিটোরিয়ামে গিয়ে সমাপ্ত হয়। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ আব্দুল মতিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর) সার্কেল মোঃ আব্দুল হালিম, সিভিল সার্জন ডাঃ মোঃ আসিফ ফেরদৌস ও দিনাজপুর সরকারী কলেজের সহযোগী অধ্যাপক মোঃ জহরুল হক।
সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মুনির হোসেন ও শুভেচ্ছা বক্তব্য রাখেন সমাজসেবা কার্যালয়ের সাবেক উপ-পরিচালক আহসানুল্লাহ হকসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।
সঞ্চালকের দায়িত্ব পালন করেন সাবেক সমাজ সেবা কর্মকর্তা রুস্তম-এ-জামান। বক্তারা তাদের বক্তব্যে সমাজসেবার গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর প্রতি দায়িত্ববোধ, সামাজিক ন্যায় সমতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা করা এবং একটি সমতাভিত্তিক কল্যাণকর বাংলাদেশ গঠনের অঙ্গিকার বিষয় তুলে ধরেন।