রিপোর্টার, মাফিকুল ইসলাম
বরগুনার আমতলীতে নিজ মেয়েকে ধর্ষণের অভিযোগে ওসমান মোল্লা (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার ১৭ দিন পর মঙ্গলবার সকালে বাড়িতে ফিরলে পরিবারের সদস্যরা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। এ ঘটনায় মঙ্গলবার দুপুরে ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে আমতলী থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। অভিযুক্ত ওসমান মোল্লা উপজেলার চাওড়া ইউনিয়নের ঘটখালী গ্রামের বাসিন্দা।
মামলা সূত্রে জানা গেছে, গত ২৫ এপ্রিল গভীর রাতে অভিযুক্ত তার মেয়েকে ধর্ষণের চেষ্টা করলে মেয়েটির চিৎকারে মা এগিয়ে যান। এ সময় স্ত্রীকে মারধর করে পালিয়ে যায় ওসমান। পরে মেয়েটি জানায়, ভয়ভীতি দেখিয়ে তার বাবা একাধিকবার তাকে ধর্ষণ করেছে।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু শাহাদৎ মো. হাসনাইন পারভেজ জানান, অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হবে।