মাফিকুল ইসলাম, পার্বতীপুর
দিনাজপুরের পার্বতীপুরে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের পেশাগত নিরাপত্তা ও কর্মপরিবেশের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটকের সামনে এই কর্মসূচি পালন করেন ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়া) নেতাকর্মীরা।
মানববন্ধনে অংশ নিয়ে বক্তারা বলেন, বিভিন্ন হাসপাতালে দায়িত্ব পালন করতে গিয়ে প্রায়ই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখোমুখি হতে হয় প্রতিনিধিদের। তারা পেশাগত মর্যাদা রক্ষা, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত এবং হয়রানি বন্ধসহ চার দফা দাবি তুলে ধরেন।
কর্মসূচিতে বক্তব্য দেন ফারিয়ার সভাপতি রিপন কুমার দাস, সাধারণ সম্পাদক মোহাম্মদ হাশিম রেজা, সাংগঠনিক সম্পাদক সুমন খান, উপদেষ্টা এ এইচ এম মিলন ও কোষাধ্যক্ষ লোকমান হাকিম মণ্ডল।
বক্তারা জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশের বিভিন্ন স্থানের মতো পার্বতীপুরেও এই মানববন্ধন পালিত হয়েছে। দাবি আদায় না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচিরও ইঙ্গিত দেন তারা।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ কে এম শরিফুল রেজওয়ান বলেন, চিকিৎসকদের সঙ্গে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের সাক্ষাতের জন্য নির্ধারিত সময় রয়েছে। হাসপাতালের পরিবেশ স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি।