স্বপ্ন প্রতিদিন ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তেলকুপি সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন ৭টি ভারতীয় চোরাই মোবাইল ফোন জব্দ করেছে ৫৯ বিজিবি (মহানন্দা ব্যাটালিয়ন)।
বিজিবি সূত্রে জানা যায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (৭ মে ২০২৬) ভোর আনুমানিক ৩টার দিকে তেলকুপি বিওপি’র নায়েক মোঃ আব্দুল বারীর নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে। টহল দলটি সীমান্ত পিলার ১৭৯/৫-এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিনোদপুর ইউনিয়নের জমিনপুর গ্রামে অবস্থান নেয়।
এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে মালিকবিহীন অবস্থায় ৭টি বিভিন্ন মডেলের ভারতীয় ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়।
৫৯ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাইজুল ইসলাম (এসজিপি, বিএফএমপিএসবি) বিষয়টি নিশ্চিত করে বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি নিয়মিতভাবে অভিযান পরিচালনা করছে। উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো কাস্টমস কর্তৃপক্ষের নিকট হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
তিনি আরও জানান, জনস্বার্থে এবং সীমান্ত সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।