ময়মনসিংহের ভালুকায় বকেয়া বেতন, ঈদ বোনাস ও বাৎসরিক ছুটির টাকা পরিশোধের দাবিতে ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শেফার্ড (গ্রুপ) জিন্স লিমিটেড কারখানার শ্রমিকরা। এতে সড়কে প্রায় ৫০ কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে। একপর্যায়ে লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের মহাসড়ক থেকে সরিয়ে দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বুধবার (১১ মার্চ) সকাল ১১টা থেকে শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ কর্মসূচি পালন করেন। পরে প্রায় সোয়া ২টা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থকেন তারা। অবরোধের ফলে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে দূরপাল্লার যাত্রী ও পণ্যবাহী যানবাহনের চালকরা চরম ভোগান্তিতে পড়েন।
এদিকে বিক্ষোভরত শ্রমিকদের অভিযোগ, ফেব্রুয়ারি মাসের বকেয়া বেতন, ঈদ বোনাস ও বাৎসরিক ছুটির টাকা এখনো পরিশোধ করা হয়নি। ১০ মার্চের মধ্যে এসব পরিশোধ করার কথা থাকলেও কারখানা কর্তৃপক্ষ তা বাস্তবায়ন করেনি। এতে ক্ষুব্ধ হয়ে শ্রমিকরা মহাসড়কে নেমে অবরোধ কর্মসূচি পালন করেন।
কারখানার শ্রমিক লিপি আক্তার বলেন, সামনে ঈদ। কেনাকাটাসহ নানা প্রয়োজন রয়েছে। কিন্তু এখনো বেতন, ঈদ বোনাস ও ছুটির টাকা দেওয়া হয়নি। কবে দেওয়া হবে সে বিষয়েও কেউ স্পষ্ট করে কিছু জানাচ্ছে না।
আরেক শ্রমিক ফারুক বলেন, ঈদের আগে যদি শ্রমিকদের বেতন–বোনাস না দেওয়া হয়, তাহলে আমরা পরিবার নিয়ে কীভাবে চলব? মালিকপক্ষ আমাদের দাবির প্রতি কোনো গুরুত্ব দিচ্ছে না।
এদিকে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে উপজেলা নির্বাহী কর্মকর্তা, সেনাবাহিনী, ভালুকা থানা পুলিশ ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশের সদস্যরা উপস্থিত হয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলে অবরোধ তুলে নেওয়ার অনুরোধ জানান। শ্রমিকরা দুপুর ২টা ১৫ মিনিট পর্যন্ত অবরোধ প্রত্যাহার না করলে আইনশৃঙ্খলা বাহিনী লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
শ্রমিকদের অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে শেফার্ড (গ্রুপ) জিন্স লিমিটেডের জিএম সাকিবুর রহমান জানান, শ্রমিকদের ফেব্রুয়ারি মাসের বেতন পরিশোধ করা হয়েছে। ঈদ বোনাস আগামী ১৫ মার্চের মধ্যে দেওয়া হবে।
ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৫ এর পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন খান জানান, রমজানের মধ্যে মহাসড়ক অবরোধের কারণে সড়কের দুই পাশে প্রায় ৫০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছিল। দীর্ঘ এ যানজটে আটকে পড়া যাত্রীদের দুর্ভোগ থেকে রক্ষা করতে এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করতে আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে।







