দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত কয়লাভিত্তিক বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন প্রথম ইউনিট পুনরায় বিদ্যুৎ উৎপাদনে ফিরেছে।
২১ জানুয়ারি (বুধবার) রাত আনুমানিক ১০টা থেকে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করে।
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. আবু ব সিদ্দিক জানান, কেন্দ্রের প্রথম ইউনিটের বয়লারের টিউব ফেটে যাওয়ার কারণে গত ১৮ জানুয়ারি সকাল ১১টায় বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়। মেরামত কাজ শেষে বুধবার বিকেলের দিকে বয়লারে ফায়ারিং শুরু করা হয়। নির্দিষ্ট সময় পরে রাত ১০ টার কিছু পূর্বে পুনরায় বিদ্যুৎ উৎপাদনে শুরু হয়।
উল্লেখ্য বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের তিনটি ইউনিটের মধ্যে প্রথম ও দ্বিতীয় ইউনিটের উৎপাদন ক্ষমতা ১২৫ মেগাওয়াট করে এবং তৃতীয় ইউনিটের উৎপাদন ক্ষমতা ২৭৫ মেগাওয়াট। যান্ত্রিক ত্রুটির কারণে গত ৬ বছর থেকে দ্বিতীয় ইউনিটটি বন্ধ রয়েছে।
বিদ্যুৎ কেন্দ্রের সূত্রে জানা যায়, বর্তমানে প্রথম ইউনিটটি থেকে প্রতিদিন গড়ে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হয়।