1. admin@shwapnoprotidin.com : শাহীন স্বাধীন : শাহীন স্বাধীন শাহীন স্বাধীন
  2. shwapnotvbd@gmail.com : স্বপ্ন প্রতিদিন : স্বপ্ন প্রতিদিন প্রতিবেদন
  3. saif@gmail.com : এস. এম. সাইফ : এস. এম. সাইফ
বিটিএমএ প্রাইমারি টেক্সটাইল শিল্প রক্ষায় নীতিসহায়তা চায় - স্বপ্ন প্রতিদিন
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন

বিটিএমএ প্রাইমারি টেক্সটাইল শিল্প রক্ষায় নীতিসহায়তা চায়

প্রতিবেদকের নামঃ শাহীন স্বাধীন
  • আপডেটের সময় : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৩ সময় দর্শন
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বিটিএমএ নেতারা।

দেশের প্রাইমারি টেক্সটাইল ও রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্পের টেকসই উন্নয়ন, উৎপাদন ও রপ্তানি সক্ষমতা সুরক্ষায় প্রয়োজনীয় নীতিগত সহায়তা চেয়েছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)।

একই সঙ্গে শিল্পখাতে গ্যাসের চাপ বাড়ানো এবং নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

সোমবার বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎকালে বিটিএমএর পক্ষ থেকে এসব প্রস্তাব তুলে ধরা হয়। বিটিএমএর সভাপতি শওকত আজিজ রাসেলের নেতৃত্বে সংগঠনটির ২৩ সদস্যের একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে বিটিএমএ সভাপতি দেশের প্রাইমারি টেক্সটাইল ও স্পিনিং শিল্পের বর্তমান পরিস্থিতি, সম্ভাবনা ও বিদ্যমান চ্যালেঞ্জগুলো তুলে ধরেন।

তিনি জানান, সাম্প্রতিক সময়ে শিল্পখাতে, বিশেষ করে টেক্সটাইল ও স্পিনিং শিল্পে গ্যাস সরবরাহ পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে, যা শিল্পের উৎপাদন কার্যক্রমে ইতিবাচক প্রভাব ফেলছে।

শিল্পের উৎপাদন, কর্মসংস্থান ও রপ্তানি সক্ষমতা সুরক্ষায় গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নয়নে সরকারের গৃহীত উদ্যোগের জন্য বিটিএমএর পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। একইসঙ্গে এ ধারাবাহিকতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

জাতীয় অর্থনীতি, কর্মসংস্থান, বৈদেশিক মুদ্রা সাশ্রয় এবং এলডিসি-উত্তরণ-পরবর্তী রপ্তানি সক্ষমতা সুরক্ষার লক্ষ্যে বিটিএমএর পক্ষ থেকে রাষ্ট্রপতির কাছে লিখিতভাবে পাঁচটি বিষয়ে প্রয়োজনীয় নীতিগত সহায়তার প্রস্তাব দেওয়া হয়।

প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে— জাতীয় রাজস্ব বোর্ডের আদেশ নং-৫১/২০২৬/কাস্টমস/৫১৯, তারিখ ৭ সেপ্টেম্বর ২০২৬ অনুযায়ী এইচএস হেডিং ৫২০৫, ৫২০৬ ও ৫২০৭-এর আওতাধীন ১০–৩০ কাউন্ট কটন সুতা আমদানির ক্ষেত্রে বন্ড সুবিধা প্রত্যাহার এবং প্রকৃত রপ্তানিকারকদের ব্যাংক গ্যারান্টির মাধ্যমে সুতা আমদানির সুযোগ দেওয়ার সিদ্ধান্ত বহাল রাখা।

এ সিদ্ধান্ত বহাল থাকলে স্থানীয়ভাবে উৎপাদনযোগ্য কটন সুতা আমদানির পরিমাণ কমবে এবং ২০২৪–২০২৫ অর্থবছরে আমদানিকৃত প্রায় ৩০ হাজার কোটি টাকা মূল্যের সুতার সমপরিমাণ বৈদেশিক মুদ্রা সাশ্রয় করা সম্ভব হবে বলে বিটিএমএ জানিয়েছে।

এছাড়া নন-বন্ডেড শিল্পের ব্যাংক গ্যারান্টিভিত্তিক কাঁচামাল আমদানিতে ৩০ শতাংশ স্থানীয় মূল্য সংযোজনের শর্ত পুনর্বহাল এবং এলডিসি-উত্তরণ-পরবর্তী রপ্তানি সক্ষমতা নিশ্চিত করতে সব রপ্তানির ক্ষেত্রে ন্যূনতম ৪০ শতাংশ স্থানীয় মূল্য সংযোজন নিশ্চিত করার প্রস্তাব দেওয়া হয়েছে।

প্রতিযোগী দেশগুলোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সমন্বিত টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল কম্পিটিটিভনেস পলিসি প্রণয়নেরও প্রস্তাব দিয়েছে বিটিএমএ। এতে শুল্ক, কর, জ্বালানি, অর্থায়ন ও রপ্তানি সহায়তাসহ সংশ্লিষ্ট নীতিগুলো সমন্বিতভাবে বিবেচনার কথা বলা হয়েছে।

শিল্পখাতে বর্তমানে উন্নত গ্যাস সরবরাহ পরিস্থিতি অব্যাহত রেখে প্রয়োজনীয় চাপ ও নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা এবং বন্ড সুবিধার অপব্যবহার রোধে কার্যকর নজরদারি, যাচাই ও আইনানুগ ব্যবস্থা আরও জোরদারের প্রস্তাবও দেওয়া হয়।

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিটিএমএ নেতাদের উপস্থাপিত বিষয়গুলো অত্যন্ত গুরুত্ব ও মনোযোগের সঙ্গে শোনেন। দেশের প্রাইমারি টেক্সটাইল শিল্পের বর্তমান চ্যালেঞ্জগুলোর গুরুত্ব উপলব্ধি করে বিষয়গুলো যথাযথভাবে বিবেচনার আশ্বাস দেন তিনি।

একই সঙ্গে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে বলেও আশ্বাস দেন।

সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এ এস এম বাহাউদ্দিন, এসইউপি, এসপিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, জি, জন বিভাগের সচিব এ. জে.এম. সালাহউদ্দিন নাগরী এবং প্রেস সচিব উপস্থিত ছিলেন।

বিটিএমএর পক্ষে সভাপতি শওকত আজিজ রাসেল, সাবেক সভাপতি আব্দুল হাই সরকার, ভাইস প্রেসিডেন্ট মো. শামীম ইসলাম, ভাইস প্রেসিডেন্ট শফিকুল ইসলাম সরকারসহ সংগঠনের সাবেক সহ-সভাপতি, বর্তমান ও সাবেক পরিচালক এবং অন্যান্য নেতৃবৃন্দসহ মোট ২৩ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন।

Author

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host